বৈশাখের দাবদাহে বিকালের উতলা এলোমেলো হাওয়ার নাম রবীন্দ্রনাথ
আমরা রবীন্দ্রনাথকে চিনি না
ফর্সা,সুন্দরীরা নন্দন-চত্বর মাতিয়ে তুললে রবীন্দ্রনাথ উৎসব হয়ে ওঠেন ;
ওদের স্নিগ্ধ সৌন্দর্যে বিন্দু বিন্দু ঘাম মেঘমল্লার রাগে আকাশসংগীত হয়ে বাতাসে ভেসে যায়
ওরা সেজেগুজে, রবীন্দ্রনাথকে সাজান,আদর করেন
ওখানে আমাদের প্রবেশাধিকার নেই।
আমরা ভিখিরি-জীবনে কেঁদে উঠলে
রবীন্দ্রনাথ করতল পেতে দাঁড়ান,
আমাদের চোখের জলকে তিনি ফুলে পরিণত করেন
সেই ফুলে তোমরা শিলমোহর লাগিয়ে উৎসব করো।
রবীন্দ্রনাথ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকান,আমরা সেইদিকে হেঁটে যাই
রবীন্দ্রনাথের সামনে করতল পেতে দাঁড়াই ;
রবীন্দ্রনাথের চোখের জল আমাদের করতলে পড়তেই ভাত হয়ে যায়।