যদি না চারদিকে প্রাচীর তোলা হয়
যদি না ছাদে বসে টিনের পাটাতন
আকাশ খোলামেলা কখনও দ্যাখো যদি
অচেনা গাংচিল ডানায় রোদ্দুর,
তখন চুপচাপ আলোর হাত ধরে
দুপুর তন্দ্রার অথবা নদীতীর
তুমি তো একা নও কখনও ছিলে না তা
এই যে এত গাছ বৃষ্টি উদ্বেল
ও জল এসো তবে গোপনে ধারাস্নান
ও গাছ কাছে থাকো পাতায় ঘুম যাই
পুরনো জন্মের পুঁথির কথকতা
নতুন জন্মেই আবার লেখা হোক
তুমি ও তোমাদের আঙুল ছুঁয়ে যাক
আমি ও আমাদের কবিতা অক্ষর