পটভূমি--লক ডাউন
আবহ--ক্ষুধা কাতরতা
ঘটনা--বিনামূল্যে রেশন দেবার লোভ দেখিয়ে আমন্ত্রণ ও নির্মম যৌন আক্রমণ শেষে নিষ্ঠুর হত্যা।
নদীয়ার এই ঘটনাটি উচ্চারিত তো হল কিন্তু নির্ভয়া বা তেলেঙ্গানার ঘটনার মতো উচ্চকিত হল না। "মৃত্যুমিছিল-স্রোতে "একটি মৃত্যু--তাও আবার নিতান্তই এক গ্রামীন গৃহবধূ !
অথচ এই ঘটনার অভিঘাতেই অর্চিশার মন তেত্রিশ বছর পিছনে পৌছে গেল।
ভারী মায়াময় সন্ধ্যা নামছিল সেদিন পৃথিবীর বুকে। হলুদ সর্ষে ক্ষেত অস্ত সূর্যের আভায় অপরূপ দেখাচ্ছিল। এক শান্তিময় আবেশে আবিষ্ট হয়ে যাচ্ছিল অর্চিশা। উত্তর চব্বিশ পরগনার একটি ছোট্ট গ্রামে অর্চিশার শ্বশুরবাড়ি। বছরে দুবার আসে শ্বশুরবাড়িতে,বাকি সময় কর্মক্ষেত্র দিল্লি। বাজার থেকে ভ্যানরিকশায় বাড়ি ফিরছিল অর্চিশা আর প্রজ্ঞান। এখনকার মত অটো-টোটো ছিল না তখন, গ্রামে রিকশাও ছিল হাতে গোনা।
প্রজ্ঞান ভ্যান চালকের সঙ্গে কথা বলছিল, অর্চিশার মন ডুবে ছিল সবুজের গভীরে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ ।একদিকে ধান-পাট-সর্ষে-তিল ক্ষেত, অন্য দিকে আম- কাঠাল-তেঁতুল-বটের ভিড়। নিবিড় নিষ্পাপ সতেজ প্রকৃতি। হঠাৎ ই সূর্য ডুবেছিল মাঠের ওপারে, আর ছায়া ছায়া নির্জন রাস্তায় ঢুকেছিল তাদের ভ্যান রিকশা।
প্রজ্ঞানের কাছে সরে এসে অর্চিশা জিজ্ঞাসা করেছিল
-এখানটায় এত অন্ধকার কেন গো ? উত্তর দিয়েছিল ভ্যানচালক ----
এটা সাহেব বাগান গো বৌদিমনি,এখানে দিনমানেও আঁধার থাকে।
সাহেব বাগান! সাহেবরা থাকতো এখানে? ---থাকতো একসময়। এখনো তাদের কাঠের বাংলো টিকে আছে দু তিনটে।-প্রজ্ঞানের উত্তর।
-বেশ একটা ইতিহাসের গন্ধ আছে বলো?
-ইতিহাস নয়--
ভূতের গন্ধ আছে, বেশ কয়েকটা গলায়- দড়ির ঘটনা আছে এই সাহেব বাগানে।
ভ্যানচালক হঠাৎ বলে ওঠে---ভূত তবু ভালো গো দাদাবাবু শুধু ভয় দেখায় ,মানুষের মত জেবনটা তো নেয় না।
মানুষ আবার কার জীবন নিল গো এখানে?
-কি বলবো তোমায় দাদাবাবু ঐ সাহেব বাগানের পিছনে বাউরি-পাড়ার গনা বাউরির টমেটো ক্ষেতে দু মাস আগে এক বিটি ছিলার মুণ্ডু হীন লাশ পাওয়া গেছিল। থেৎলানো টমেটো গুলান ছেল অত্যাচারের সাক্ষী। মাথাটা পাওয়া গেছিল একটু দূরে বাঁশঝাড়ের মদ্যি।---এই এত্তো লম্বা বিনুনি।
শুনে হঠাৎ গা টা কেমন গুলিয়ে উঠেছিল অর্চিশার।তবু প্রশ্ন করেছিল-কে মেয়েটি চেনা কেউ?কেন এমন করে মারলো গো ?
দুঃখি প্রশ্নের উত্তরে বিষন্ন গলায় ভ্যানচালক হরিদা বলেছিল
-পরিচয় তো জানা যায়নি তবে কারন আর কি-
সোন্দর মেয়েটাকে ধরি এনে মান-অপমান কইরেছে,তারপর মেইরে ফেলেছে।
সেদিন পটভূমি ছিল- শান্তিময়
শস্য শ্যামলা গ্রাম,
আবহ-তীব্র লিপ্সা
ঘটনা-সেই নির্মম যৌন আক্রমণ
ও নিষ্ঠুর হত্যা।