সর্বনাশ - বিষ্ণু বিশ্বাস

তোমার খেলা শেষ হলেও আমার হয়নি আজো
বাতাসে কান পাতলে শুনি তেমনি করেই বাজো।

তেমনি করেই বাজো এবং আমায় তেমনি বাজাও
গেরস্থালির সাত-সতেরো আমায় দিয়েই সাজাও। 

নিঝুম দেশে  দিনের শেষে  ঘুমোই অবিশ্রাম
তখন দেখি ঘুমের গায়ে লেখা তোমার নাম।

কোন সুদূরে বাঁশির সুরে কে দেয় মরণটান
যতন করে সাজানো ঘর নিমেষে খানখান ।

জানি তুমি আসবে না আর জীর্ণ বনবাসায়
জানি তুমি ভাসবে না আর ছিন্ন ভালোবাসায়।

তবু সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।