স্বপ্নে খুঁজি

একটাও পাখি গায়নি এখনো গান
একটা তারাও পড়েনি আকাশ থেকে,
একটাও হাঁস করেনিতো জলে স্নান
সূর্যস্নাত হয়েছে যে রোদ মেখে.
রামধনু এঁকে গেছে পাহাড়ের গায়ে রং গুলে
সবুজ মখমলে পাওয়া হলো জীবনের সবি ,
বৃথা হবে সব কিছু তুই  আর ফিরে না এলে
চাঁদের বুড়ি জানি  আজন্মকালই স্থবির.
মেঘেরা কি যাবে  যাযাবর হয়ে ঘুরে
 বৃষ্টির জলে ভিজেছে পদ্মপাতা,
ফোঁটা ফোঁটা জল অশ্রু হয়ে ঝরে
ম্যানগ্রোভ সারি ধরেছে মাথায় ছাতা.
তবু তোর ছবি থেকে জল নামে চুয়ে
পাপড়ি ছড়িয়ে মেলে দেনা তুই ডানা,
ভরা জ্যোৎস্নায় নিশিপদ্ম হয়ে
আমার স্বপ্নে আসতে তো নেই মানা.
আমার আকাশে উড়ছে রঙিন ঘুঁড়ি
 রাতভর জেগে তোর অপেক্ষায়,
আমার ঘরের পাশেই রয়েছে সিঁড়ি
সেটা বেয়ে তুই মাটিতে নেমে  আয়.
এস্কিমোদের দেশেই আমি রই
আমার স্বপ্ন বরফে রয়েছে ঢাকা,
কাছের ইগ্লুটাতেই আছিস তুই
পোশাকে পশম সারা গায়ে চাকা চাকা.