ও - মেঘ

 ও - মেঘ তুমি রং বদলাও শুধু ,
কখন সাদা কখনো হও কালো ,
খর মাটিতে ঢালবে কখন মধু ,
থেকোনা হয়ে শুধুই পেঁজা তুলো .
যখন তুমি কালবোশেখীর ঝড়ে -
একলা আসো উড়ে আকাশ বেয়ে ,
জরির ফিতের বিজলি পড়ে ছিঁড়ে ,
তোমার এলো চুল বেঁধে নিয়ে .
 যখন তুমি গর্জাও রাগ করে ,
অন্ধকারে দুচোখ করে লাল ,
কাঁপে দিগন্ত বজ্রবহ্নিভারে,
এমনি কেন করো বলো বেচাল !
 সবুজ তাল-তমাল বনরাজির -
চড়ে ওঠে হৃদয়ে পারদপারা ,
গল্প শোনাও ব্যাঙ্গমাব্যাঙ্গমীর ,
বৃষ্টিতে সেই ভিজেছিলো যারা.
 এমনি যখন সাজছে রণভেরী ,
আড়াল থেকে মারছে উঁকি চাঁদ ও ,
শূন্যপারে  সূর্য  গিয়েছে  চুরি ,
তখন তুমি একলা বসে কাঁদো.
 পুরাকালের যক্ষের ভবিতব্য,
বার্তায় তার জীবনের জলছবি-
লিখে গিয়েছেন মেঘদূত মহাকাব্যে ,
বিরহগাথায় কালিদাস মহাকবি.