কেমন যেন আরো ছাড়ো ভাবে
দিন চলে যায় আঁধার নেমে আসে
ভৈরবী আর গাইবে না কেউ তবে
ভোরবেলাকার শিশির রাতে হাসে
গায়না বাউল বাজিয়ে একতারা
পদ্মপাতায় দাঁড়ায় না তো জল
শূন্য পথে আসছে ধেয়ে যারা
মেঘের খাঁচায় চেনা মুখের ঢল
হারানো দিন আসেনি আর ফিরে
জ্বলেনি বাতি পদ্মদীঘির ঘাটে
সোনার কাঠির পাইনা ছোঁয়া শিরে
ওঠেনা চাঁদ নকশিকাঁথার মাঠে
ছেলেবেলার চেনা পথের ধারে
দিনের পরে দিন গিয়েছে বয়ে
রয়েছে যারা স্মৃতির বেড়াতারে
তাদের আশায় রয়েছি দুচোখ চেয়ে
গুলেছে রং সাজানো জলছবি
আবছা আলোয় কল্কি আঁকা যত
অনাদির খাতা লিখছো কে মহাকবি
আমি লিখে চলি কবিতা লেখার মতো