অঙ্কুর

দ্রাক্ষা ফলের মতন সবুজ
সুষুপ্ত চিরহরিৎ বীজ
লালমাটির নিচে গেড়েছে
শিকড়ের তাবিজ
জলের স্রোতের মতো
রক্ত নিয়ে বেড়ে ওঠা
দুপায়ে মাড়ালে তার
লজ্জায় যায় মাথা কাটা
নীল আকাশে শোনা
যায় ধনুর টঙ্কার
সূর্য পড়েছে যে
গলায় ইন্দ্রমনির হার
ফোটনের হাত ধরে
পাতালের থেকে উদ্গত
রাশি রাশি চারা আজ
মাটির ওপরে উদ্ধত
ডানা মেলে বায়ুপথে
উড়ছে আজকে দেখো ডোডো
নীরবে  গুনছে  কর  
অপেক্ষায় তার কলোরাডো
পাহাড়ের সঙ্গে তার
চিরকালই নিত্যনতুন দ্বন্দ্ব
ডিম থেকে পরিস্ফুট ছানারা তার
খুঁজছে ডানায় ছন্দ