মেঘেদের সব ব্যস্ত পায়ে
নিত্য আনাগোনা
তোমার দেশের আকাশ গেছে ছেয়ে
কখনো বা বর্ষামুখর
কখনো আনমনা
বরুণদেবের একরত্তি মেয়ে
মেঘালয় নামে তোমার
চেরাপুঞ্জি ঘরে
পুঞ্জীভূত মেঘ চিরে কি
অশ্রু ঝরে পড়ে
সারা বছর শ্রাবনমাস
যদি তোমার দেশে
শ্রাবনী বলেই ডাকতে পারি
তোমাকে অক্লেশে
সমস্তদিন যাচ্ছে বয়ে
বাতাস মৃদুমন্দ
পাহাড়ের বুকে ঘোরাফেরা
অনাবিল আনন্দ
বাহারি ঝর্ণা উঁকি দেয়
ইতি উতি
সমস্ত পাহাড় জুড়ে
প্রেম, কাব্য , গীতি
সূর্যদেবের শুধু এখানে
প্রবেশ মানা
জীবন এনেছে বয়ে বৃষ্টির ঘরানা
ঘরের ভেতর ভেসে বেড়ানো
মেঘেরা পিঠোপিঠি
নীল খামে আকাশ পাঠালো
সোনালী দিনের চিঠি
সবুজ মখমলের আলোয়ান পরনে
তুমি পরানের জলছবি
হলুদ ডানা মেলে আসছে উড়ে
প্রেমিক তোমার কবি