কাঞ্চনজঙ্ঘা

বারুদের ধোঁয়ার মতো নিকষ কালো
মেঘমালার সারির ফাঁকে বিজলি আলো
কুয়াশায় ঢাকা পাহাড়চূড়ার সবুজ নীলে  
জরির ফিতেয় রুপোলি আলো যাচ্ছে খেলে
ছোটো শিশুর স্নেহময়ী মায়ের মতো
বর্ষা এসে করাচ্ছে স্নান অবিরত
হিমালয়ের বক্ষে তোমার পুরোনো আবাস
আদিঅনন্তকাল ধরে এই কারাবাস
হতে মুক্তি পাবার আশা নেইতো জেনো
কাঞ্চনজঙ্ঘা তুমি আর কখনো
ভুলেও এমন কথা এনোনা মনে
যখন কিশোর একান্তে চেয়ে আকাশপানে
খুঁজেখুঁজে এক,দুই করে গোনে তারা
নিত্য নতুন ভাষা বলে পরম্পরা
তখন তোমার বুকে জ্বলা জোনাকি আলো
রাত্রির অন্ধকারে পথ হারালো
এমন মিথ্যে মানবে নাতো এই
চরাচর
পৃথিবীর বুকে কয়েক কোটি
বছর
তোমার অস্তিত্ব জুড়ে রয়েছে আভাস
বরফ চাদরে সূর্যালোকের প্রথম প্রকাশ