নজরুলের প্রতি

কাব্যে,ছন্দে,গানের লহরে
হয়েছিলে মশগুল
সুরঝংকারে কবিকিংকর
বাংলার চুলবুল
জন্ম লভিয়া চুরুলিয়া গ্রামে
করে চুম্বন মার পাদভূমে
তোমার রচনা চিরস্মরণীয় মহাকবি নজরুল
দিশা খুঁজে পেয়ে ফিরেছে বাসায়
পথহারা বুলবুল
মোহাচ্ছন্ন হয়েছে মানুষ  
তোমার  বাউল গানে
বিশ্বকবির সুরে মজে থাকা
বাঙালির আবাহনে
যখন আকাশে বিরাজিছে রবি
বাঁধিলে  যে গান হে চারণকবি
দোঁহে মিলি গেল দোঁহের পরানে
হিন্দু মুসলমানে
যুগলবন্দী হতে মিলে গেল
গীতা ও কোরান এ
বেড়ে উঠেছিল শাসক
ইংরেজের অত্যাচার
তোমার লেখনী আঁচড়ে বসেছে
মানুষের দরবার
অগ্নিবীনায় শাপমোচন
দোলনচাঁপায় রিক্তবেদন
ফণীমনসার কুহেলিকায়
আর্জি যে বারবার
পড়ে থাকবোনা পায়ে শৃঙ্খল
ভেঙে ফেল কারাগার
শাসকের সাথে শাসিতের মোটে
হবে না তো সন্ধি
প্রতিবাদের সমারোহে ছড়িয়ে সুগন্ধি
নতুন যুগের করেছো সূচনা
দেশবাসীর মেটাতে যাতনা
বিপ্লবের মহান পথে হয়ে কারাবন্দি
রচনা করেছো রাজবন্দীর জবানবন্দি
কালবৈশাখী হয়ে এসেছিলে
তাই তোমারেই যাচি
পূর্ণিমা তিথি নাকি একাদশী
কিংবা অম্বুবাচী
সঞ্চিতা হয়ে শিউলির মালা
বিষের বাঁশিতে ধরিয়েছো জ্বালা
রক্তে মাদল “বিদ্রোহি কবি “
তুলেছো যে স্তুপ সাঁচি
দেখেছো দুচোখে আমৃত্যু তুমি
অকাল সব্যসাচী