লাঞ্ছিতা

হয়ত পৃথিবীব্যাপী অবশ্যম্ভাবী এক মহামারী হবে
হয়ত আসছে দিন পৃথিবীর বুক থেকে মুছে যাবে জীবনের ঘ্রাণ
পাহাড়, জঙ্গল, মাঠ, পশুপাখি গাছপালা সব শূন্য হবে
মাটির আঁচল থেকে মুছে যাবে জীবনের শেষ শ্যামলিমা।
 
এখন পৃথিবী শুয়ে শিকারের প্রাণীটির মত
ঘোলাটে করুণ চোখে অতি ম্লান জীবনের আলো,
অস্পষ্ট ছায়ার মত
দু’একটা মানুষ শুধু সামনে দাঁড়িয়ে
প্রত্যেকের হাতে অস্ত্র সুতীক্ষ্ণ ধারালো।
 
তুমি তো মায়ের মত, মাতা বসুমতী
তোমার নদীর তীরে
মানুষের সভ্যতার প্রথম বসতি,
তোমারই স্তন্যদানে পুষ্টি পেয়ে বড় হয়ে
ফুলে ফেঁপে আজ তার এই পরিণতি !
 
শুনেছি তোমার কান্না হঠাৎ নিশুতি রাতে
আকাশেতে একা চাঁদ,
লুপ্ত কোনো সভ্যতার ভগ্নস্তূপ থেকে
মধ্যরাত্রে
সিঁড়ি দিয়ে উঠে আসে তোমার বিষাদ।