বহু দিন পরে
তার সাথে দেখা হলো আশ্চর্য নগরে।
তৃতীয়ার চাঁদ আর সন্ধ্যার কিনারে
আবার তেমনি করে
তাকালো আমার দিকে সন্ধ্যামণি ফুলের মতন।
বহুদিন পরে সেই আশ্চর্য মিনারে
সময়ের গর্ভ থেকে
একখণ্ড হীরকের মত
একটু অতীত
সে আমার হাতে দিল।
বাইরে তাকিয়ে দেখি
আকাশের কোণে চাঁদ মার কোলে শিশুর মতন।
দুটি ট্রেন
দুটি দিকে চলে গেল
আকাশেতে মেঘ ছিল,
এক দিকে বৃষ্টি হলো অন্যদিকে কিছুটা গুমোট।