কোন গ্রহের প্রভাবে কি সমস্যা হয়

রবি (SUN)
জন্মছকে রবি অশুভ হলে- প্রতিষ্ঠায় বাধা, মান-যশ হানি, আয়ু ও জীবনী শক্তির ক্ষয়, পিতার সঙ্গে শত্রুতা, সরকারী চাকরি হয় না, ওপরওয়ালার কুনজরে পরতে হয়, হার্টের রোগ, মাথার আঘাত, আত্মবিশ্বাসের ঘাটতি, অর্থহানি ও ভাগ্য বিপর্যয় ঘটে। চরম হতাশা ব্যর্থতা, বাধা-বিঘ্ন মানুষকে অসহায় করে তোলে, জীবনে সহজে মাথা তূলে দাঁড়াতে পারে না। রাজরোষ ও রাজনৈতিক কারণে বিপদ ও জীবন হানির যোগ প্রবল হয়।

চন্দ্র (Moon)
জন্মছকে চন্দ্র অশুভ হলে – মন, মেজাজ ও মানসিকতা বিক্ষিপ্ত হয়, অতিরিক্ত চাঞ্চল্য ও অস্থিরতা তৈরি করে, কাজকর্মে ও বিদ্যায় বাধা হয়ে ওঠে, একাগ্রতা কমে যায়, মানসিক রোগ, কাপুরুষতা ও সন্দেহ প্রবণতা প্রবল হয়, চোখের রোগ, রক্ত চলাচলে বাধা, ঠাণ্ডা-শ্লেষ্মা, বাতজ পীড়া, হাঁপানি, অ্যালার্জি, বুক ও ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। মায়ের সঙ্গে শত্রুতা ও মায়ের স্বাস্থ্য হানি করে, আলস্য ও অস্থিরতা বাড়ায়, দেহরস, অতিরিক্ত ওজন ও স্থূলত্ব বাড়ায়। জল, জলজ প্রাণী, জলপথে বিপদ ও জীবনহানির যোগ প্রবল হয়।

মঙ্গল (Mars)
জন্মছকে মঙ্গল অশুভ হলে – রাগ, জেদ, হঠকারিতা, দুঃসাহস, মারকুটে স্বভাব ও নিষ্ঠুর করে। ভাইয়ের সঙ্গে শত্রুতা, জমি-বাড়ি ও ভূসম্পত্তি জনিত নানা সমস্যায় ভুগতে হয়। শরীরে আঘাত, রক্তপাত, দুর্ঘটনা, অস্ত্রোপচার (অপারেশন) ও রক্ত ঘটিত রোগ হয়। মেয়েদের রজঃস্রাবের গোলমাল, শ্বেতপ্রদর, বাধক-বেদনা ও রক্ত হীনতার অন্যতম কারণ হয়। আগুণ, বিদ্যুৎ, ধারাল অস্ত্র, গাড়ি দুর্ঘটনা থেকে বিপদ ও জীবন হানির যোগ প্রবল হয়।

বুধ (Mercury) 
জন্মছকে বুধ অশুভ হলে- বুদ্ধি, স্মৃতি ও মেধার অভাব হয়, বাচালতা, তোতলামি, চাঞ্চল্য ও অস্থিরতা বৃদ্ধি করে, ঘন ঘন মত পরিবর্তন ও সিদ্ধান্তহীনতা বৃদ্ধি করে, ভাব প্রকাশে ত্রুটি, জনসংযোগ ও লোক ব্যবহারে অক্ষমতা আনে। বন্ধু, সহকর্মী ও সহযোগীদের বিরোধিতার মুখোমুখি হতে হয়। যোগাযোগ ও প্রভাবশালী ব্যক্তির সুপারিশ ফলপ্রসূ হয় না। স্নায়ু ঘটিত রোগ বুদ্ধির বিকার, মাথার গণ্ডগোল এবং চিকিৎসা বিভ্রাটের কারণ হয়। স্বাস্থ্যহানি, স্বজন ও বন্ধু-বিচ্ছেদ ঘটায়, স্নায়ু মস্তিষ্ক বিকৃতি, ভুল ওষুধ সেবনে বিপত্তি, যাতায়াত কালে জীবনহানির যোগ প্রবল হয়। শিক্ষা, সিদ্ধান্ত ও সাফল্য অধরা  থেকে যায়। 

বৃহস্পতি (Jupiter)
জন্মছকে বৃহস্পতি অশুভ হলে- অভাব, দারিদ্র ও সীমাহীন দুর্দশা নিত্য সঙ্গী হয়। বিয়েতে বাধা-বিঘ্ন ঘটায়, গবেষণায় ব্যর্থতা আনে। মিথ্যাচারী, বকধার্মিক ধর্ম ব্যবসায়ী তৈরি করে। উচ্চপদে উন্নতি বা পদোন্নতিতে বিলম্ব ঘটায়। নীতি হীনতা ও পাপ কাজে দক্ষতা বাড়ায়। পেটের রোগ, মেদ বাহুল্য, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের কারণ হয়, সন্তান হানি, সন্তান শোক ও প্রবল দুঃখ-দুর্দশার কারণ হয়। গুরু, বিচার-বিভাগ, আইন-আদালত ও উচ্চস্তরীয় প্রশাসনিক ব্যক্তির দ্বারা ক্ষতি ও জীবনহানির ভয় থাকে।

শুক্র (Venus)
জন্মছকে শুক্র অশুভ হলে- স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। উগ্র ও উদ্দাম জীবন যাত্রা জীবনে বিড়ম্বনা ডেকে আনে। হতাশা, অতৃপ্তি, দাম্পত্য জীবনে অস্থিরতা বৃদ্ধি করে। অবাঞ্ছিত ঝামেলা-ঝঞ্ঝাট নিত্যসঙ্গী হয়।  লোভ, লালসা, মদ্যপান, যথেচ্ছ যৌনাচার ও পরস্ত্রীরত করে। সন্তান প্রজননে অক্ষমতা, যৌনরোগ (গনোরিয়া/সিফিলিস), মধুমেহ রোগ হয়। অতিরিক্ত ভোগ, যথেচ্ছাচার থেকে মানসিক বিকৃতি আসে। যৌনাঙ্গের রোগ, অঙ্গ শিথিলতা, অবশভাব, স্বাস্থ্যহানি ও ক্ষয়জনিত রোগ প্রবল হয়। যৌনরোগ, বিপরীত লিঙ্গ দ্বারা ষড়যন্ত্র ও শত্রুতা থেকে বিপদ ও জীবনহানির যোগ প্রবল হয়।

শনি (Saturn) 
জন্মছকে শনি অশুভ হলে- কৃপণতা, আলস্য, দীর্ঘ সূত্রটা, গয়ংগচ্ছ ভাব, মনমরা, হতাশা প্রবণ ও আত্মহত্যা প্রবণ করে তোলে। অভাব, দুঃখ, ক্লেশ, ঋণ, রোগশোক নিত্যসঙ্গী হয়। ধর্ম, সংস্কৃতি, সামাজিক রীতিনীতির ব্যাপারে উগ্র ও উন্নাসিক করে তোলে। সব কাজে দেরি করায়, বিয়ের যোগাযোগ হলেও  পাকা দেখা হয় না। চর্মরোগ, হাড়, দাঁত, স্নায়ুর জটিল ও দীর্ঘস্থায়ী রোগ হয়। ঈর্ষা, কুটিলতা, সমাজচ্যুত ভাবধারা বৃদ্ধি করে। ক্যান্সার জাতীয় দুরারোগ্য অসুখে ভুগতে হয়, আঘাত, অস্থিভঙ্গ ও কষ্টদায়ক রোগে শয্যাগত হয়ে জীবনহানির যোগ প্রবল হয়।

রাহু (Rahu)
জন্মছকে রাহু অশুভ হলে- দুর্নাম, বদ সঙ্গ, বুদ্ধিনাশ, অকালপক্ব, স্কুল বা বাড়ি থেকে পালিয়ে যাওয়া ইত্যাদির কারণ হয়। জুয়া খেলা, নেশা করা, নিন্দিত কাজে আসক্তি বাড়ায়। ফাটকা  আয় করায়, লোভী মানসিকতা দেয়। ব্যভিচারী করে, অবৈধ প্রেম প্রণয়, অধিক সম্ভোগ, দেহজ সম্পর্কের চোরাপথে জীবনে বিপর্যয় আনে। দুষিত ক্ষত, কঠিন চর্মরোগ, গুপ্ত রোগ হয়। মস্তানি, তোলাবাজি, ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহ বাড়ায়। অপরাধ জগতে জড়িয়ে পড়ে। আকস্মিক দুর্ঘটনা, অকালমৃত্যু, অপমৃত্যুর কারণে জীবনহানি হয়।

কেতু (Ketu)
জন্মছকে কেতু অশুভ হলে- উটকো ঝামেলা ঝঞ্ঝাট, অকারণ ব্যয় বৃদ্ধি পায়। সব কাজে অকারণ দেরী করায়। মামলা –মোকদ্দমায় জড়িয়ে পড়তে হয়। জ্ঞাতি, স্বজন বিরোধ ও গুপ্ত শত্রু দ্বারা জীবনে নানা ধরনের সমস্যা নেমে আসে। অতিরিক্ত বাছ বিচার ও শুচিতার কারণে স্বাস্থ্যহানি ঘটে। নাশকতা, গোপন অভিসন্ধি ও ষড়যন্ত্রে লিপ্ত হয়। শরীরের নিম্নভাগে জটিল ও দীর্ঘস্থায়ী রোগ হয়, সামান্য রোগ জটিল হয়ে ওঠে, সহজে সারতে চায় না বা ধরা প’ড়ে না। গুপ্ত শত্রু দ্বারা গুম খুন, অপহরণ ও পণ বন্দী হয়ে জীবনহানির যোগ প্রবল হয়। জীবনে নানা অবাঞ্ছিত ঝামেলা, বাধা-বিঘ্ন ও ব্যর্থতা নিত্য সঙ্গী হয়।