হোজ্জা তখন কাজী। বিচার-আচার করেন। একদিন বিচারে বসেছেন। ফরিয়াদি আসামি সম্পর্কে তার অভিযোগের বয়ান দিচ্ছে। হোজ্জা মনযোগ দিয়া তার কথা শুনছেন। বাদীর বলা শেষ হলে মাথা ঝাকিয়ে বললেন, ‘তোমার কথাই ঠিক।’
এবার আসামি বলে উঠল, ‘হুজুর, আমার দুইটা কথা ছিল।’ হোজ্জা বললেন, ‘ঠিক আছে তুমি তোমার বক্তব্য বল।’ আসামির বক্তব্যও মনযোগ দিয়ে শোনার পর হোজ্জা বললেন, ‘তোমার কথাই ঠিক।’
হোজ্জার স্ত্রী পর্দার আড়ালে এতক্ষণ সব কথা শুনছিলেন। বিরক্ত হয়ে স্বামীকে তিনি বললেন, ‘দুজনই ঠিক হয় কিভাবে? হয় আসামির কথা ঠিক, না হয় ফরিয়াদির কথা ঠিক।’
হোজ্জা স্ত্রীর দিকে ফিরে সমর্থনসূচক হাসি দিয়ে বললেন, ‘বিবি তোমার কথাই ঠিক।’