বিড়ালে সব মাংস খেয়ে ফেলেছে

হোজ্জা এক কেজি মাংস কিনে এনে গিন্নিকে দিলেন রান্না করতে। গিন্নি রান্নার পর সব মাংস খেয়ে ফেললো। হোজ্জা নদী থেকে গোসল সেরে এসে খেতে বসলে মাংস না দেখে জিজ্ঞাসা করলে গিন্নি জানালো, বিড়ালে সব মাংস খেয়ে ফেলেছে।

হোজ্জা তাড়াতাড়ি বিড়ালটাকে ধরে ওজন করে দেখলেন যে সেটার ওজন এক কেজি। গিন্নিকে তখন বললেন, ‘এটা যদি বিড়াল হয় তবে মাংস কোথায়, আর এটা যদি মাংস হয় তবে বিড়ালটা কোথায়?’